বকশীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ে অটোরিকশাচালকদের জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিন সিএনজিচালিত অটোরিকশা চালককে ৪ হাজার টাকা জরিমানা করেছে। প্রশাসন জানিয়েছে, যাত্রী হয়রানি রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজিচালিত অটোরিক্শার তিন চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) দুপুরে পৌর শহরের যানবাহন স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঈদ-পরবর্তী সময়ে সিএনজিচালিত অটোরিক্শাচালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। পরে অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তিন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তিনটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এ সময় বকশীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও মুরাদ হোসেন বলেন, ‘ঈদ-পরবর্তী সময়ে কর্মমূখী যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি রাখছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’