বাগাতিপাড়ার বাকপ্রতিবন্ধী নজরুল ১৪ দিন ধরে নিখোঁজ

খাবার খেয়ে বিকেলে বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি বাকপ্রতিবন্ধী নজরুল। পুলিশ জানায়, তাকে খুঁজে পেতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Bagatipara
নিখোঁজ নজরুল ইসলাম
নিখোঁজ নজরুল ইসলাম |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় নজরুল ইসলাম (৪২) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৬ জুলাই উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

নজরুল ওই এলাকার আব্দুল আলীমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই দুপুরে পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে দয়ারামপুর বাজারের উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। ওইদিন সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় গত ১ আগস্ট নজরুলের মা জাহানারা বেগম বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ১৪ দিন পার হলেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

নজরুলের মা জাহানারা বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে নজরুল ছোট। তিনি জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী হওয়ায় সবসময় তাকে চোখে চোখে রাখতাম। তিনি সংসারের বিভিন্ন কাজে তার বাবাকে সাহায্য করেন। বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে কখনো বেশিদিন থাকেনি। কিন্তু এবার ১৪ দিন পার হয়ে গেলেও তিনি আর ফিরে আসেনি। এজন্য আমরা তার জন্য খুব চিন্তিত।’

তিনি জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় নজরুলের পরনে ছিল নাইলন সুতার বড় চেক লুঙ্গি, ফুল ছাপানো কালো গেঞ্জি ও একটি চেক শার্ট। তার বাম হাতে কালো রঙের ক্যাসিও ঘড়ি ছিল।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘নিখোঁজ নজরুল ইসলামকে খুঁজে পেতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’