ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে ভোট কার্যক্রম স্থগিত ঘোষণা চেয়ে প্রধান নির্বাচন কমিশনে আবেদন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ডা: মাহমুদ হোসেন বকাউল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনে এই আবেদন করেন শরীয়তপুর-২ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট মোয়াজ্জেম হোসেন মিলন। পরবর্তীতে জামায়াত মনোনীত প্রার্থী মাহমুদ হোসেন বকাউল এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সখিপুরের চরকুমারিয়া, দক্ষিণ তারাবুনিয়া, কাচিকাটা, ডিএমখালি, চর সেনসাস, উত্তর তারাবুনিয়া, সখিপুর, চরকুমারিয়া, আরশি নগর ইউনিয়নে, নড়িয়া পৌরসভা, ভোজেশ্বর, জপসা, মোক্তারের চর ইউনিয়নে প্রায় ৩৯টি কেন্দ্রে দখল, জাল ভোট ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শণ করা হয়েছে। এ সকল বিষয় প্রশাসনকে জানানো হলেও তারা কার্যকর ব্যবস্থা গ্রহণে সক্ষম হননি। ফলে আমরা প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট স্থগিতের আবেদন জানিয়েছি।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের জামায়াত প্রার্থী রির্টানিং কর্মকর্তা বরাবর করা একটি আবেদন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। তবে ভোট স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনে করা আবেদন আমি পাইনি। সামাজিক যোগযোগ মাধ্যমে দেখেছি।



