দৃশ্যমান বিচার ও সংস্কারের পরই জাতি নির্বাচন প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে, জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনা সরকারের আমলে বিনা বিচারে যে সকল হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবে আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা ও শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
শনিবার (১৪ জুন) দুপুরের দিকে নগরীর একটি মিলনায়তনে জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘দেশের কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে ন্যায়বিচার কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, তাই কোরআনের আলোকে ব্যক্তিজীবন গঠন করতে হবে। সততার মানদণ্ডে সমাজ পরিচালনা করতে হবে বলেও জানান তিনি।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির রাজশাহী মহানগরী নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদসহ কর্মপরিষদ সদস্যরা।
রাজশাহী জেলা জামায়াতের রুকন শিক্ষাশিবির : এদিকে এর আগে শনিবার সকালে রাজশাহী জেলা জামায়াতের রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আখিরাতের সফলতা হলো মুমিন জীবনের প্রকৃত সফলতা। এজন্য একজন ঈমানদার হিসেবে দুনিয়ার সুযোগ-সুবিধা আমাদের জন্য অগ্রগণ্য নয়। আমাদের মূল টার্গেট হবে আখিরাতে চূড়ান্ত সফলতা। তাই জামায়াতে ইসলামীর রুকনদের আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর ওপর তাওয়াক্কুল করে ময়দানে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সময়ের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় রুকনদেরকে কোরআনের রঙে রঙিন করতে হবে। জামায়াতের রুকনদের কোরআনে বর্ণিত গুণাবলিগুলো নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলে সমাজের মানুষের মাঝে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে হবে।’
রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: গোলাম মুর্তজার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আবুল হাসেম, রাজশাহী মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীসহ জেলা কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন থানার আমির-সেক্রেটারিরা। এতে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি এবং জনমত সৃষ্টির মাধ্যমে এদেশে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে।’



