কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোডের শাদমান প্লাজায় অবস্থিত হোটেল গোল্ডেন পার্কের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
যুবক মো: নাহিদ খান অভি (৩৪) জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের আবদুল হক খানের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার সন্ধ্যায় নাহিদ খান অভি হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পরে তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে স্বজনদের খবর দেয়া হয়। রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



