চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা সুলতানিয়া মাদরাসার কাছে ঘাট দিয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ জুন) সকালে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু দুটি। পরে বেলা ১২টার দিকে তাদের নদীর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় একজনের লাশ পাওয়া যায়।
জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রাইখালীর বাসিন্দা রিকশাচালক মো: আব্দুল গনির বাড়িতে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় বসবাসকারী তার মেয়ের পরিবার ও পাশের প্রতিবেশী ভোলা জেলার একটি পরিবারসহ মোট ছয়জন সদস্য ঈদ উপলক্ষে বেড়াতে আসে।
মঙ্গলবার সকাল নয়টায় কর্ণফুলী নদীর রাইখালী জাহাঙ্গীর ড্রাইভার ঘাটে রিকশাচালক মো: আব্দুল গনির নাতি মোহাম্মদ ইমন (৬) ও ভোলা থেকে বেড়াতে আসা আট বছরের মেয়েটি কর্ণফুলী নদীতে সবার অজান্তে গোসল করতে নেমে খেলার সময় গভীর পানিতে তলিয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েটির লাশ চন্দ্রঘোনা ফেরীঘাটের কাছে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু ইমন এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহজাহান কামাল জানান, জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে জানতে পারি আরো একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারে চেষ্টা চলছে।



