তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষরোপনের বিকল্প নাই। দেশের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে বৃক্ষরোপনের ওপর গুরুত্ব দিতে হবে। বৃক্ষরোপন করে দায়িত্ব শেষ করা চলবে না। বৃক্ষকে লালন-পালন করতে হবে।’
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর হাইস্কুল মাঠে বৃক্ষরোপন উদ্বোধন উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গরঙ্গল স্বনির্ভর খালে এক হাজার চারা রোপন করা হচ্ছে। এই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছিলেন। সেই স্মৃতি বিজড়িত খালের দুই পাশে সবুজ বনায়ন করতে হবে এবং জিয়ার উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানের চেতনাকে ধারন করতে হবে।’
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে বনভূমি বৃদ্ধি, নদী ও খালপাড়ে বৃক্ষরোপণ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি জোরদার করা জরুরি।’
তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, ‘জনগনের ওপরে যারা ক্ষমতা দেখান তারা জনগণের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু ও তারেক রহমানের শত্রু।’
মন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে এবং জনগনের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। মনে রাখতে হবে জনগণ চাইলেই ক্ষমতা স্থায়ী হবে।’
উপজেলা কৃষক দলের সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো: মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
অপরদিকে, গৌরনদী উপজেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে সকাল ১১টার দিকে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।



