কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলুর (২৮) লাশ ৬৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম তুলু গাজীপুরের কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি গত শুক্রবার বিকেল ৩টার দিকে নিকলী হাওরের কাঁঠালিয়া এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন।
নিকলী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, নিখোঁজের পর থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। রোববার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে স্থানীয় জেলেরা একটি লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। কাঁঠালিয়া এলাকায় পৌঁছানোর পর তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুলসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবারের অভিযান স্থগিত করা হয়। শনিবারও উদ্ধার অভিযান চালানো হয়। পরে রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’



