কক্সবাজারের ঈদগাঁওতে ইয়াবা সেবনের সময় ৩ সহযোগীসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বটতলী স্টেশনের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করেন ঈদগাঁও থানার এসআই অচিন্ত্য কুমার, এএসআই সুমন বড়ুয়া ও এএসআই আবু তাহেরের নেতৃত্বাধীন পুলিশ ফোর্স।
আটক নূরুল আমিন (৩০) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বলে জানা গেছে। তার সাথে মেহেদী হাসান রিয়াদ (২৬), হারুন রশিদ (৩৫) ও মাসুদ করিম নামের আরো ৩ জনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনকাজে ব্যবহৃত ৬টি গ্যাস লাইটার, ১০টি লাল রঙের বোতলের ছিপি, ইয়াবা সেবনে ব্যবহৃত ১০টি ছোট সাদা রঙের নমনীয় প্লাস্টিকের পাইপ ও ১০টি ফয়েল পেপার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে ইয়াবা সেবনের উদ্দেশ্যে অবস্থান করার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’



