কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কের বরইতলীতে নোহা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহবুব ও রাসেল নামে দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া-পেকুয়া-মগনামা আঞ্চলিক সড়কের বরইতলী মোহাজের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন— বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকার আবুল কালামের ছেলে মাহবুব রহমান (২৬) ও একই এলাকার কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ রাসেল (২২)। তারা দু’জন পেশায় রাজমিস্ত্রী বলে স্থানীয় লোকজন জানান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বরইতলী মোহাজের পাড়া রাস্তার মাথায় মাহবুব ও রাসেল মোটরসাইকেলসহ সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেকুয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি নোহা গাড়ির সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহবুব ঘটনাস্থলেই মারা যান। পরে রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। পালিয়ে যাওয়া নোহা গাড়ি ও চালককে শনাক্ত এবং আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। লাশ দু’টো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



