রংপুরে নর্থ ভিউ হোটেলের রুফটপ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহান বিমতির (১৮) মৃত্যুর ঘটনায় গ্রেফতার মেডিক্যাল কলেজ শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে (২৫) একদিনের রিমান্ড দিয়েছে আদালত।
রোববার (২৮ জুন) দুপুরে রংপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক মো: রাশেদ হোসাইন এ আদেশ দেন।
রিমান্ড আবেদনের শুনানিতে অংশ নিয়ে আসামিপক্ষের আইনজীবী জামিন প্রার্থনা করেন। এবং তদন্ত কর্মকর্তা তুলে ধরেন রিমান্ড আবেদনের যুক্তি।
এ সময় তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আদালতকে বলেন, ‘নুজসাত জাহান বিনতি ছাদ থেকে পড়ে যাওয়ার আগে আসামি সাকিন তার সাথে চারবার ফোনে কথা বলেছিলেন। এছাড়াও প্রায় প্রতিরাতে সাকিন বিনতিকে ফোন করে দীর্ঘক্ষণ কথা বলতেন।’
তদন্ত কর্মকর্তা আদালতের কাছে নথিপত্র উপস্থাপন করে বলেন, ‘গত ১৬ জুন মধ্যরাত ৩টা ৪৬ মিনিটে বিনতিকে ফোন করেন সাকিন। টানা ৫০ মিনিট ১২ সেকেন্ড একটানা কথা বলেন।’
এছাড়াও গেল তিন মাসে ১১৮ বার বিনতি এবং সাকিনের ফোনালাপ এবং এসএমএসের তথ্য আদালতের কাছে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা। ওই সব নথিপত্রে দেখা যায়, সাকিন বেশি ফোন এবং এসএমএস করেছেন বিনতিকে।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, এসব নথিপত্রে প্রমাণিত হয় সম্পর্ক গড়ে তুললেও পরে তা থেকে সরে যাওয়ার চেষ্টা করে সাকিন। এভাবেই বিনতিকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়।
এসব তথ্য আরো নিবিড়ভাবে যাচাই-বাছাইয়ের জন্য সাকিনের তিন দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মনজুর করে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
সাকিনের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মণ্ডল, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ এবং বিনতির পক্ষে অ্যাডভোকেট মুবিন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিনতি আত্মহত্যার প্ররোচনা ও দুষ্কর্মে সহায়তা করার অপরাধে সাকিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেন।



