কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে লরি ও সিএনজি পুকুরে পড়ে দু’জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো এক যাত্রী।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার নূরীতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সিএনজি অটোরিকশাচালক হানিফ মিয়া (৩৫) ও একই জেলার দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে সিএনজির যাত্রী লাবিব হোসেন (১৫)।
আহত সজীব হোসেন (২৪) দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিবের মামাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি লরি। এতে সিএনজিসহ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা সিএনজিতে আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পর তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক হানিফ ও যাত্রী লাবিবের মৃত্যু হয়।
নিহতদের নিকটাত্মীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে হাসপাতালে মৃত্যুর পর তাদের লাশ বাড়িতে আনা হয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমরা আহত তিনজনকে হাসপাতালে পাঠাই। কিন্তু নিহতের কোনো তথ্য আমার কাছে নেই। আমরা খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।



