চট্টগ্রামের চাঁদাবাজ, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িতদের কঠোর হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো: শওকত আলী।
তিনি বলেছেন, চাঁদাবাজদের কোনো পরিচয় নেই। এসময় চাঁদাবাজ ও কিশোরগ্যাংয়ের কিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশের কার্যালয়ে সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারের করা মামলাগুলোর অগ্রগতি বিষয়ে নবাগত সিএমপি কমিশনার বলেন, মামলার তদন্ত কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করছেন। ওনাদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। সেজন্যে এইসব মামলার প্রতিবেদন জমা দিতে সময় লাগছে।
চট্টগ্রামের আন্ডারওয়াল্ডের আতঙ্ক সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের বিষয়ে নতুন কমিশনার বলেন, আগের কমিশনার ইন্টারপোলের মাধ্যমে রিকুয়েস্ট করেছেন। আমিও এটি গুরুত্ব দিয়ে দেখবো। এই নগর সন্ত্রাসের অভয়রণ্য হতে দিবো না। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম চলবে না। পুলিশের কোনো সদস্যের অপরাধের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের ঘোষণা দেন।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নগরী হিসেবে চট্টগ্রামের নাগরিকদের নিরাপত্তা বিধানে কাজ করেছে যাচ্ছে সিএমপি। চাঁদাবাজমুক্ত এবং মাদকমুক্ত সমাজ উপহার দেয়ার অঙ্গীকার করেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ ক্রাস প্রোগ্রাম পরিচালনারও ঘোষণা দেন তিনি।


