বাড্ডায় দ্রুতগামী বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ভিক্টোরিয়া ক্লাসিক পরিবহনের একটি দ্রুতগামী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন।

নিজস্ব প্রতিবেদক
নয়া দিগন্ত

রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোহাম্মদ মোকলেছ (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে উত্তর বাড্ডার এ এমজেড হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকলেছ নেত্রকোনা জেলার কমলকান্দা উপজেলার পুকুরিয়া গ্রামের মো. আকবর আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে বাড্ডা নতুন বাজার এলাকায় বসবাস করতেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ভিক্টোরিয়া ক্লাসিক পরিবহনের একটি দ্রুতগামী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক বাস ও চালককে থানার হেফাজতে নেয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।