তামাবিল স্থলবন্দর দিয়ে ২২ বাংলাদেশীকে ফেরত দিলো ভারত

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে তামাবিল স্টেশনে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
২২ বাংলাদেশীকে ফেরত দিলো ভারত
২২ বাংলাদেশীকে ফেরত দিলো ভারত |নয়া দিগন্ত

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে আটক থাকার পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন পাঁচ নারীসহ ২২ জন বাংলাদেশী নাগরিক।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে তামাবিল স্টেশনে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে সাজা ভোগ শেষে তামাবিল ইমিগ্রেশনে তাদের হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী— বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো: শামীম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন কারাভোগ শেষে ২২ জন বাংলাদেশীকে ভারতীয় কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে ভারতের পুলিশ ও বিএসএফ এসব বাংলাদেশীদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। সাজা শেষে বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা বাংলাদেশীরা হলেন— নেত্রকোনার পিজুস তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ন মহানায়ক, প্রণয় সাহা (৪৬), উদয় দাস (২৫); রাজশাহীর গোদাগাড়ি থানার মো. কাউসার আলী (১৭), মো: নুর আমিন (১৫); সিলেটের গোয়াইনঘাট থানার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ থানার মো: ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার থানার ইকরামুর রহমান সায়েম (১৬), এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭); সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রানী (১৬); ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫); বগুড়ার সারিয়াকান্দি থানার মো: হাসান আলী (৩০); যশোর সদর থানার কাশফিয়াতুন নূর (১৭); এবং জামালপুরের সরিষাবাড়ি থানার মো: শামীম (৩৫)।

তামাবিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে ফেরত আসা এসব নাগরিকদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।