নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ছয় বছর বয়সী শিশু রিয়া গোপের পরিবারের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২৯ জুন) বেলা ১১টারি দিকে নগরীর নয়ামাটি এলাকায় রিয়ার বাবা দীপক কুমার গোপ ও মা বিউটি ঘোষের হাতে তাদের নিজ বাসভবনে গিয়ে এ সহায়তার চেক তুলে দেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘রিয়ার হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। বর্তমান সরকার দ্রুত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করতে কাজ করছে।’
তিনি আশা প্রকাশ করেন, এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
সাখাওয়াত আরো জানান, তিনি নিজেও এ মামলার একজন সাক্ষী।
২০২৪ বছরের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শহরের মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নয়ামাটিতে নিজ বাসার পাঁচতলার ছাদে খেলতে থাকা রিয়া গোপ গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পরো ২৪ জুলাই তার মৃত্যু হয়।
রিয়ার মৃত্যুর প্রায় এক বছর পর, চলতি বছরের ২৯ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা করে। নিহত শিশুটির পরিবার মামলা না করায় পুলিশ নিজ উদ্যোগে মামলাটি করে।
সন্তান হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন রিয়ার মা-বাবা।
তাদের ভাষায়, কোনো সহায়তাই তাদের আদরের সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না, মেয়ের স্মৃতি নিয়েই কাটছে তাদের প্রতিটি দিন।



