ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও সমাবেশ

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপির সরকার : আখতার হোসেন

‘বিএনপি সরকার ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে। সম্প্রতি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ১২টি প্রতিষ্ঠানে বিএনপি তাদের দলীয় পদধারী নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ করা।’

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও সমাবেশ
ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও সমাবেশ |নয়া দিগন্ত

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘বিএনপি সরকার ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে। সম্প্রতি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ১২টি প্রতিষ্ঠানে বিএনপি তাদের দলীয় পদধারী নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু তারেক রহমানের সরকার জনগণের সেই স্বপ্ন আজ ধ্বংস করে দিচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করে এই সরকার রাষ্ট্রের সব দফতরে নিজেদের দলীয় পদধারী লোকজন নিয়োগ দিচ্ছে।’

আখতার হোসেন বলেন, ‘সম্প্রতি নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে বিএনপির পদধারী একজনকে বসিয়েছে সরকার। এই নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচন কমিশন কুক্ষিগত করার চক্রান্ত শুরু করেছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারী লোক নিয়োগের যে নজির বিএনপি স্থাপন করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই নিয়োগ বিএনপিকে বাতিল করতেই হবে।’

রোববার (২৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘বিএনপিকে মনে রাখতে হবে এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের বাংলাদেশ। দেশের জনগণ কোনো ধরনের বৈষম্য মেনে নেবে না। দেশের মানুষ ফ্যাসিবাদী শেখ হাসিনাকে তাড়িয়েছে, কাজেই বিএনপিকে সতর্ক হতে হবে।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা: মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক আহসান জুনায়েদ, ছাত্রশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক জাহিদ হাসান।

এ সময় ঝিনাইদহের জুলাই শহীদ প্রকৌশলী রাকিবুল ইসলামের বাবা আবু বকর সিদ্দিক, মা হাফিজা খাতুন ও শহীদ সাব্বির হোসেনের বাবা আমোদ আলীসহ এনসিপির জেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘শেখ হাসিনা ভারতের ওই হেডকোয়ার্টারে বসে বারবার হুঙ্কার দিচ্ছেন, তিনি নাকি দেশে ফিরে আসবেন। ‘শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না’ বলে হুঙ্কার দিয়ে আত্মীয়স্বজন নিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বলতে চাই, দেশে ফিরে আসুন, আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। ১৪শ’ নিরীহ মানুষকে হত্যার দায়ে, ২৪-এর জুলাই-আগস্টে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে।’

এ সময় বিএনপি সরকারের সমালোচনা করে সরোয়ার তুষার বলেন, ‘নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল বিএনপি। কিন্তু তারা নির্বাচিত হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছে। এই হলো বিএনপির চরিত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ ভালোবাসে, সম্মান করে। কিন্তু তারেক রহমান মানুষের সেই ভালোবাসা ও আবেগের সাথে বেইমানি করেছেন।’

এর আগে দুপুর ২টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও শহীদদের স্মরণে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে শহীদ মিনারের সামনে থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে জুলাই শহীদ প্রকৌশলী রাকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।