জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, ‘গণভোটের রায়কে অমান্য করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ তা কখনো মেনে নিবে না। জনগণের সাথে প্রতারণা করে কোন সরকার টিকে থাকতে পারেনি। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দুঃস্বপ্ন জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ। তাই গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করুন।’
রোববার (১২ এপ্রিল) বিকেলে কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মহিউদ্দীন হেলালীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির মহানগরী নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দীন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জায়েদ হাসান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সিফাত, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লেয়াকত আলী চৌধুরী, জামায়াতের উত্তর সাতকানিয়া থানা সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী তারেক হোছাইনসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, ‘বিএনপি জনগণের কল্যাণ চায় না। বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে গণভোট অবৈধ বলে সংসদের ভেতরে বাইরে প্রচারণা চালাচ্ছে। তাদের ধোঁকাবাজিতে প্রমাণ করে, তারা ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে। জনগণের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করেই ছাড়বো, ইনশাআল্লাহ।’
পরে সাতকানিয়া রাস্তার মাথার মডেল মসজিদ থেকে মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে কেরানীহাট এসে মিছিলটি শেষ হয়।



