দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে যে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, নির্বাচিত সরকার যদি তা বাস্তবায়নে টালবাহানা করে তবে তা মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম।
শুক্রবার (৬ মার্চ) মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ বি এম ফজলুল করীম বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচারের পথকে শক্তিশালী করা এবং একটি জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলা।’
তাই সরকারের কাছে দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।
তিনি আরো বলেন, “ইতোমধ্যে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের ম্যান্ডেট দিয়েছে। তাই জুলাই সনদ নিয়ে কোনো ধরনের টালবাহানা করা যাবে না। জনগণের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবারো আন্দোলন গড়ে তোলা হবে।”
জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজোয়ানা হাসানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “সাবেক উপদেষ্টার দেয়া সাক্ষাৎকারে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ বিষয়টি উঠে এসেছে।”
এ বিষয়ে সঠিক তথ্য উদঘাটনে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী টংগিবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, বালিগাঁও ইউনিয়ন সভাপতি মো: রওশান রেজা, সেক্রেটারি মাওলানা মো: আব্দুল কাইয়ুমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা।



