দাগনভুঞা-সোনাগাজীতে জামায়াতের উদ্যোগে গোশত বিতরণ

ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ‘আমরা মানুষের সেবায় সবসময় পাশে ছিলাম, এখনো আছি। নিঃস্বার্থ সেবার মাধ্যমেই জামায়াতে ইসলামী জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে।’

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
দাগনভুঞায় ঈদে জামায়াতের গোশত বিতরণ
দাগনভুঞায় ঈদে জামায়াতের গোশত বিতরণ |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ফেনীর দাগনভুঞা ও সোনাগাজী উপজেলার পাঁচ হাজার পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্প্রতি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো: ফখরুদ্দিন মানিকের সার্বিক তত্ত্বাবধানে এবং দুই উপজেলা ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় এই কর্মসূচি পরিচালিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, প্রকৃত হকদারদের কাছে সুশৃঙ্খলভাবে গোশত পৌঁছে দিতে মোট ৬২টি গ্রুপের মাধ্যমে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এর মধ্যে সোনাগাজীতে ইউনিয়ন ও পৌরসভায় ২৩টি এবং দাগনভুঞায় ইউনিয়ন ও পৌরসভায় ৩৬টি গ্রুপ কাজ করে। এছাড়া ইসলামী ছাত্রশিবিরের তিনটি টিম মাঠ পর্যায়ে সহযোগিতা প্রদান করে। ডা. ফখরুদ্দিন মানিক নিজেও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে গোশত তুলে দেন।

গোশত বিতরণের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে ঈদ পুনর্মিলনী কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত নেতৃবৃন্দ।

ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ‘আমরা মানুষের সেবায় সবসময় পাশে ছিলাম, এখনো আছি। নিঃস্বার্থ সেবার মাধ্যমেই জামায়াতে ইসলামী জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে।’

তিনি আরো জানান, ঈদের আনন্দ যেন কেবল ধনিক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষ জামায়াতের পক্ষ থেকে গোশত পেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।