বগুড়া অফিস
বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ থেকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এ দাবি জানান।
রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় শহর জামায়াতের কার্যালয়ে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন উপলক্ষে সদর উপজেলার সব ইউনিয়ন এবং পৌর ওয়ার্ডের আমির ও সেক্রেটারিদের নিয়ে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, কোনো ধরনের টালবাহানা ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করুন, জনগণকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। গণভোটে জয়ী জনগণের রায়ের অবমূল্যায়ন করা হলে জনগণ আবারো রাস্তায় নেমে আসবে। হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়ে দুইশর বেশী আসন পেয়ে সরকার গঠন করেছেন। গণভোটে হ্যাঁ-এর পক্ষে জনগণ নিরঙ্কুশ রায় দিয়েছে। জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা করতে চাচ্ছেন তা এ দেশের মানুষ মেনে নেবে না। মনে রাখবেন, সংবিধানে গণঅভ্যুত্থান নেই, কিন্তু জনগণ সেটা করে দেখিয়েছে। জনরায়কে অবমূল্যায়ন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণ আবারো ক্ষেপে গেলে পালাবার পথ খুঁজে পাবেন না।
তিনি বলেন, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। কেউ যাতে ভোট কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাই করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।
বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির আব্দুল হালিম বেগের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য সৈয়দ আব্দুল আজিজ, জেলা নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, শহর সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আল আমিন, সেলিম রেজা, আজগর আলী, আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. হেদায়েতুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।



