সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন

এ সময় মহিউদ্দিন মখদুমীর ওপর হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। দ্রুত দাবি মানা না হলে, আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন বক্তারা।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন |নয়া দিগন্ত

দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মহিউদ্দিন মখদুমীসহ সারাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুরে।

রোববার (১ মার্চ) দুপুরে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনসহ কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্যসচিব স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ফেরদৌস কবির জয়, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন প্রমুখ।

মানববন্ধনের শুরুতেই হামলার বিবরণ তুলে ধরেন মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী।

এ সময় মহিউদ্দিন মখদুমীর ওপর হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত হয়। দ্রুত দাবি মানা না হলে, আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন বক্তারা।

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি তারাবির নামাজ থেকে ফেরার পথে সাংবাদিক মখদুমীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা হলেও আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ আছে।