সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বহুল আলোচিত ইয়াবা কাণ্ডে গ্রেফতার বিএনপি নেতা এমরান হোসেন রুবেলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা শাখা কমিটির প্যাডে জেলা আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেলকে ইয়াবাসহ ডিবি পুলিশ গ্রেফতার করে, যা বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হলো।
এই পত্র বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ও সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশের একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।



