কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এক স্থানীয় নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি মো: জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে বন্দী করে পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করেছে।
ডাকাতির খবর পেয়ে কুয়াকাটা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে।
ভুক্তভোগী মো: জাহাঙ্গীর হাওলাদার বলেন, ‘হঠাৎ করেই কয়েকজন অস্ত্রধারী আমাদের বাড়িতে ঢুকে সবকিছু লুট করে নিয়ে যায়। পরিবার নিয়ে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।’
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’



