বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর সীমান্তে কোটি টাকার মূল্যের দুটি মূর্তি উদ্ধার করেছে।
আজ শুক্রবার বিডিয়ারের এক প্রেস ব্রিফিং-এ জানানো হয়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ২৬ মার্চ বৃহস্পতিবার রাত ১০:০০ ঘটিকা থেকে সকাল ০৬:৩০ ঘটিকা পর্যন্ত দিনাজপুর জেলার চিরিরবন্দর ও রানীরবন্দর এলাকায় চিরিরবন্দর থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুজন আসামিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ৩০.৬০০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ২টি মূর্তি (উমা-মহেশ্বর ও বিষ্ণু) উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, তাপস চন্দ্র রায় (৩০), গ্রাম: পশ্চিম সাইতারা, চিরিরবন্দর, দিনাজপুর ও পরেশ চন্দ্র রায় (৬০), গ্রাম: নশরৎপুর, রানীরবন্দর, দিনাজপুর।
পরে একই উপজেলার ভূষিরবন্দর এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬৪.৯০০ কেজি ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রত্নবস্তুসমূহ কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলার মোট আনুমানিক মূল্য ১,১৩,০৫,০০০/- (এক কোটি তেরো লাখ পাঁচ হাজার) টাকা। আটক আসামি এবং আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।



