এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘মনে রাখতে হবে আমাদের এই ভোট, আমাদের এই জীবন, আমাদের এই আমানত রক্ত, এত কিছুর বিনিময়ে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই সরকার যেন নতুন করে আমাদের এই সংসদকে, আমাদের এই এমপি মন্ত্রীদেরকে নতুন কোন স্বৈরাচারের পথে না নিতে পারে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই কিনা? আমরা সংস্কার চাই কিনা? আমরা সংস্কার পরিষদের শপথ গ্রহণ চাই কিনা? তাহলে আমাদেরকে ওই সংসদকে, ওই এমপি মন্ত্রীদেরকে সঠিক পথে রাখার জন্য আজকে থেকে নতুন করে আবার রাজপথে থেকে তাদেরকে সঠিক লাইনে রাখতে হবে।’
বুধবার (১১ মার্চ) সন্ধায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে বিভাগীয় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আাতিক মুজাহিদ এমপি, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক-উত্তরাঞ্চল আসাদুল্লাহ আল গালিব, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা, মহানগর বিএনপির আহ্বায়ক মাহফুজ উন নবী ডন, মহানগর জামায়াত সেক্রেটারী আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।
সারজিস আলম বলেন, ‘আমাদের যারা শহীদ পরিবার আছেন, আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা আছেন, আমাদের যারা রাজপথে সহযোদ্ধা আছেন, আগামীকালকে আপনারা ওই জাতীয় সংসদের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করবেন। কারণ, ওই জাতীয় সংসদে আগামীকালকে থেকে হয় স্বৈরাচারের দিকে মানুষ এই জাতীয় সংসদকে নেয়ার চেষ্টা করবে, কিংবা ওই সংসদে যারা আছে তারা বাংলাদেশকে সঠিক পথে নেয়ার চেষ্টা করবে।’
ইফতার মাহফিলে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন।
সাংবাদিকদের ইফতার বর্জন: এদিকে পূর্ব মুহুর্তেও ইফতার সামগ্রী না দেয়ায় শতাধিক গণমাধ্যমকর্মী ইফতার না করেই অনুষ্ঠাস্থল ত্যাগ করেন।
সংঘর্ষ: ইফতারের আগে স্টেডিয়ামে প্রবেশ নিয়ে জাতীয় ছাত্র শক্তি ও যুবশক্তির নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। ইফতারের পর এই মারামারি সংঘর্ষে রুপ নেয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টিা ধাওয়া। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় সার্কিট হাউজে ঘটনাটি সমঝোতার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ চেস্টা চালাচ্ছেন।



