নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিককের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে বাড়ির পাশে ফলজ গাছ উপড়ে ফেলে। এছাড়া তাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোঁটালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধার ক্রয়কৃত জমি দখল নিতে এর আগের দুদফা মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় থানা একটি অভিযোগ ও একটি জিডি করা হয়।
থানায় অভিযোগ ও জিডি করায় বাড়িতে এ হামলা করে। বাড়িতে হামলার ঘটনায় বুধবার একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক জানান, সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় ৩২৪ নম্বর মৌজাকৃত ৪৩/৩ খতিয়ান ভুক্ত এসএ ৩৫৭ দাগে ৩২ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এ জমি জোরপূর্বক দখল নিতে পায়তারা করে পাশের দুলালপুর গ্রামের শাহজাহানের ছেলে শাহ কামাল, আল আমিন, ইসমাইল, ইব্রাহিম ও তাদের লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। গত ২২ জানুয়ারি ও ৩ এপ্রিল দুদফা মুক্তিযোদ্ধাকে জমি ছেড়ে দিতে বলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ ও জিডি করা হয়। থানায় জিডি ও অভিযোগ করা নিয়ে গত দুদিন ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গতকাল বুধবার সকালে শাহ কামাল, আল আমিন, ইসমাইল ও ইব্রাহিমের নেতৃত্বে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের বাড়িতে হামলা করে। হামলাকারীরা মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে বাড়িঘর ভাংচুর করে। তারা বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে ৭/৮টি লিচু গাছের চারা উপড়ে ফেলে। এসময় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। হামলাকারীরা তাদেরকে গালিগালাজ করে আবারো হত্যার হুমকি দিয়ে চলে যায়।
অভিযুক্ত শাহ আলম ঘটনার বিষয় অস্বীকার করে বলেন, তারা আমাদের কিছু জায়গা দখল করে আছে। আমরা তাদেরকে কয়েকবার বলেছি আমাদের জায়গা ছেড়ে দিতে। এ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়। কোনো হুমকি বা বাড়িতে ভাংচুর হয়নি। ঘটনা মিথ্যা, আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দেয় তারা।
সোনারগাঁও থানার ওসি মো: মুহিববুল্লাহ জানান, এ নিয়ে থানায় অভিযোগ ও জিডি রয়েছে থানায়। হামলায় ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



