কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ রোববার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো: খালিদ হোসেন (৮) দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শিশু তার বাবার সাথে দেবিদ্বারের পৌর এলাকার বাবুস সালাম নামে একটি হাফিজিয়া মাদরাসা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে পৌঁছালে ভাঙাচোরা সড়কের ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে পড়ে পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে তারা বাবা শিশুটির রক্তাক্ত লাশ নিয়ে বাড়ির দিকে চলে যায়।
দেবিদ্বার বাবুস সালাম মাদরাসার শিক্ষক মো: আবু সাঈদ বলেন, ‘খালিদ হোসেনের বাবা মোয়াজ্জেম হোসেন গত সপ্তাহে বাবুস সালাম মাদরাসায় অফিসিয়াল কাজ দেখাশোনার করার জন্য চাকরিতে যোগ দেন। তখন খালিদও তার সাথে আসা যাওয়া করত। রোববার সকালে মাদরাসার কাজ শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
দেবিদ্যার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।



