বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, ‘আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনা পালিয়েছিল, এটা ইতিহাস। এ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা ‘ক্ষমার অযোগ্য অপরাধ’। কোনোভাবেই আওয়ামী লীগকে দলে জায়গা দেয়া যাবে না।’
শনিবার (২৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের বিদেশে দলীয় কার্যালয় খোলার সমালোচনা করে গউছ বলেন, ‘যদি বন্ধুত্ব রাখতে চান, খুনিদের পুনর্বাসন বন্ধ করুন; সেটা বন্ধুত্ব হতে পারে না।’
জিকে গউছ বলেন, ‘তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা ঘোষণা করেছেন সেটিই জাতির মুক্তির রক্ষাকবজ। আজ সংস্কার কমিশন যা প্রস্তাব করছে সেটি আসলে তারেক রহমান দুই বছর আগেই জাতির সামনে তুলে ধরেছিলেন।’
অর্থনীতি নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিশোধ নয়, আইন অনুযায়ী বিচার করবে এবং লুটের টাকা দেশে ফিরিয়ে আনবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। সভাপতিত্ব করেন বড়লেখা পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিত, বকসি মিছবাহউর রহমান, নাসির উদ্দিন মিঠু, মোশাররফ হোসেন বাদশা, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সদস্য সচিব মোহাচ্ছান বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে বড়লেখা পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন কাউন্সিলর গোপন ব্যালটে সভাপতি-সম্পাদকসহ পাঁচটি পদে নেতৃত্ব নির্বাচন করেন।
সন্ধ্যায় রিপোর্ট লেখার সময় ভোট গণনা চলছিল।



