চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

পুকুরপাড় দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) ও চিরিঙ্গা ইউনিয়নের চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুরিফা জান্নাত (৫)। সম্পর্কে তারা মামাত-ফুফাত বোন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় নানাবাড়ির পুকুরপাড় দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।