দুর্গাপুরে ৬৪ ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
ভোটকেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম নেয়া হচ্ছে
ভোটকেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম নেয়া হচ্ছে |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬৪টি কেন্দ্রে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়।

সকাল থেকেই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো উপজেলা পরিষদ এলাকায় ছিল কর্মব্যস্ততা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত কক্ষ থেকে নিজেদের কেন্দ্রের ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ইন্ডেলিবল কালি, সিলগালা খামসহ অন্যান্য সরঞ্জাম বুঝে নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সেগুলো কেন্দ্রে পাঠানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের মোবাইল টিম। পাশাপাশি দায়িত্ব পালন করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মাশতুরা আমিনা বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’