সিলেটে হামে আরো ১ শিশুর মৃত্যু

একজনের মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশু
হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশু |ফাইল ছবি

একদিন মৃত্যুহীন থাকার পর সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া শিশুটির নাম সিবানুস। আট মাস বয়সী শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। তার বাড়ি সিলেট সদর উপজেলার সোনাপাড়া এলাকায়।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৮৮ জনই রয়েছে। অন্যদিকে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১০৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৮, রাজীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, নর্থ ইস্ট হাসপাতালে দুই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন রয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩১৭ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৯, রাজীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭, নর্থ ইস্ট হাসপাতালে ছয়, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। এরমধ্যে সিলেটে ৩২০, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন। শনাক্তের দিক থেকে সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসেবে, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১২৯ জন।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে ৫৩, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ ও সুনামগঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক থেকে সুনামগঞ্জেই সংখ্যা সবচেয়ে বেশি।