নাটোরের দুই প্রতারকের প্রতারণার শিকার হয়ে ঋণের টাকায় কেনা অটোরিকশা হারিয়ে মো: মুন্না (১৯) নামে এক অটোরিকশা চালক পথে বসতে চলেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নাটোর শহরের চকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোরিকশা চালক নাটোরের নলডাঙ্গা উপজেলার ভুষনগাছা গ্রামের মো: আবু তাহেরের ছেলে।
প্রতারণার ঘটনা মো: মুন্না বলেন, ‘আমার বাবা এলাকার কালিগঞ্জ মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক। বাবার সামান্য উপার্জনে পরিবারের তিন মেয়ে ও এক ছেলের সংসারের খরচ খুব ভালোভাবে চলছিল না। ঋণের চাপে আমাদের পরিবারটি অসহায় হয়ে পড়েছিল। প্রতিবেশীদের সাথে পরামর্শ করে পিতা-মাতার ঋণ পরিশোধ করতে এক মাস আগে স্থানীয় এনজিও থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনি এবং বাকি টাকা দিয়ে পরিবারকে কিছুটা ঋণমুক্ত করি।’
তিনি বলেন, ‘প্রতিদিন অটোরিকশা চালিয়ে নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করতে শুরু করি। অন্যদিনের মতোই রোববার আমি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নাটোর শহরে আসি। দুপুরের দিকে এক প্রতারক অটোরিকশায় উঠে চকরামপুর ভিআইপি হোটেলের পিছনের এলাকায় নিয়ে যায়।
এ সময় প্রতারকের পরিকল্পনার অংশ হিসেবে মোটর সাইকেল আরোহী আরেক প্রতারক যুক্ত হয়। সামনে থেকে মহিলা উঠবে বলে অটোরিকশা থামিয়ে ব্যাগ তুলতে সহযোগিতার জন্য আমাকে একটু সামনে ডেকে নেয়। এ সময় কোনো মহিলা দেখতে না পেয়ে হঠাৎ দেখতে পাই অটোরিকশায় বসা প্রতারক অটোরিকশা নিয়ে উধাও হয়ে গেছে। উলটো দিকে তাকিয়ে দেখি মোটর সাইকেল নিয়ে আসা অপর প্রতারকও নেই। শহর জুড়ে অনেক খোঁজাখুঁজি করেও আমার অটোরিকশার কোনো সন্ধান করতে পারিনি।
এ বিষয়ে নাটোর থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করেছিলাম পরিশ্রম করে মা-বাবাকে ঋণ মুক্ত করব। কিন্তু অটোরিকশা হারিয়ে এখন আরো বড় ঋণের ফাঁদে পড়লাম।’



