কুষ্টিয়ায় জুলাই নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পলাতক পুলিশ কনস্টাবল বরখাস্ত

জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে পুলিশ কনস্টাবল ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
পুলিশ কনস্টাবল ফারজুল ইসলাম রনি
পুলিশ কনস্টাবল ফারজুল ইসলাম রনি |নয়া দিগন্ত

জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে পুলিশ কনস্টাবল ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করেন কুষ্টিয়া ট্রাফিকে কর্মরত পুলিশ কনষ্টাবল রনি। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে রনিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় রনিকে ক্লোজ করে পুলিশ লাইনে আনা হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আজ তাকে বরখাস্ত করা হয় বলে জানা যায়।

তবে ফেসবুক পোস্টে রনি দাবি করেন, তার ব্যবহৃত অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পুলিশের ভাষ্য, ছুটিতে গিয়ে ওই পোস্ট দেন রনি। এরপর থেকে তিনি কাজে ফেরেননি। রয়েছেন আত্মগোপনে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টাবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজড করা হয়েছিল।

ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ কনস্টাবল রনির বরখাস্ত হওয়ার খবর জেনেছি। তবে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। রনি ছুটিতে ছিল এখন পুলিশ লাইনে কাজে যোগদান করেনি বলে জানা গেছে। বর্তমানে সে পলাতক রয়েছে।’