ফেনী অফিস
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে আবারো সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তারা সেদিনই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন, যেদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। অথচ জুলাই সনদের পক্ষে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফেনী শহরের ‘কিং অব ফেনী’ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে মাওলানা মামুনুল হক বলেন, ‘আপনারা সংবিধান সংস্কার না করে সংশোধনের কথা বলছেন। আমরা সংশোধন চাই না, জনগণ সংস্কারের জন্যই ভোট দিয়েছে। আমরা সংবিধানের আমূল সংস্কার চাই। আপনারা জনগণের সিদ্ধান্ত মেনে নিন। আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপি ভুল পথে পরিচালিত হোক। আমরা চাই আপনারা সম্মানিত হোন।’
ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘ভারত এখনো আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনাকে নয়া দিল্লি আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বক্তব্য দেয়ার সুযোগ করে দিচ্ছে। তারা এখনো বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করছে।’
ভারতকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ‘মনে রাখবেন, আপনারা এ দেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে গিয়েছেন। আপনারা যদি এভাবে ষড়যন্ত্র চালাতে থাকেন, তবে ১৮ কোটি জনতা ও জুলাইয়ের পক্ষের শক্তি মিলে আপনাদের ষড়যন্ত্র প্রতিহত করবে। আপনারা একটি নির্দিষ্ট দল বা পক্ষের সাথে সম্পর্ক করেছেন, রাষ্ট্রের সাথে নয়।’
তিনি বলেন, ‘আপনাদের সম্পর্ক হতে হবে রাষ্ট্রের ও জনগণের সাথে। যদি সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখেন, তবে আমরা তা প্রতিহত করতে বাধ্য হব। আর বর্তমান সরকার যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কাজ করে, তবে আমরা সবাই তাদের সহযোগিতা করব।’
বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা এনামুল হক মূসা, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মাওলানা আবদুস সোবহান, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম।
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ জুনায়েদের পরিচালনায় সমাবেশে দলের ফেনী জেলা ও সব উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



