দেশে অন্তর্বর্তী সরকার থাকায় বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা শহরের থ্রি-স্টার মানের সাহিদ প্যালেস হোটেলের লবিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘একটা গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচনের মাধ্যমে আমার প্যানেল বিজয়ী হয়েছে। আমি নির্বাচিত হয়েছি। খুলনা বিভাগ থেকে বিজিএমইএর মতো শীর্ষ ব্যবসায়ী সংগঠনের এমন গুরুত্বপূর্ণ পদে এটিই প্রথমবার। আমি গর্বিত যে চুয়াডাঙ্গার সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও দোয়ায় এই জায়গায় পৌঁছাতে পেরেছি।’
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। যারা নতুন শিল্প স্থাপন করতে চান বা ব্যবসা শুরু করতে চান, তারাও অপেক্ষা করছেন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য। আমরা আশাবাদী, যত দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে, ততই দেশের অর্থনীতির গতি ফিরবে। বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করবে।
তিনি বলেন, চুয়াডাঙ্গা একটি অবহেলিত জেলা হলেও, এই জেলায় বিজিএমইএ-কেন্দ্রিক গুরুত্বপূর্ণ একটি কাজের সুযোগ রয়েছে। আমরা চাইলে এখানে একটি গার্মেন্টস ট্রেনিং সেন্টার স্থাপন করতে পারি। এতে করে যে-সব অদক্ষ যুবক-যুবতী কর্মসংস্থানের খোঁজে রয়েছেন, তাদের দক্ষ করে গড়ে তোলা সম্ভব হবে। এখান থেকেই তাদের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে চাকরির জন্য পাঠানো যেতে পারে। ফলে তারা শুরুতেই তুলনামূলক ভালো বেতন ও কাজের সুযোগ পাবে।
চুয়াডাঙ্গাকে নিজের জেলার চেয়ে দেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও অভিহিত করে তিনি বলেন, আমি যদি আমার এলাকার অদক্ষ ভাই-বোনদের দক্ষ শ্রমিকে পরিণত করতে পারি, তাহলে শুধু কর্মসংস্থানই বাড়বে না, বেকারত্বও অনেকাংশে দূর হবে। এ লক্ষ্যেই আমি কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমি এ অঞ্চলে একটি কার্যকর গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব।
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিংগাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক, জামান গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক কমিটির চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমীন, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক হুসাইন মালিকসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে সবার পক্ষ থেকে নবনির্বাচিত বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।



