নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় জেলা জামায়াতের বিবৃতি

প্রকৃত বিষয় হলো আবদুস সামাদের ভাই আলী আজগর জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের কর্মী নন। তার কেনা চালের কারণে জামায়াতে ইসলামীর ওপর কোনো দায় বর্তায় না। আমি জানতে পেরেছি, এই চাল তার ঘর থেকে নয়, বরং তার প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।

রোববার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে জেলা আমির বলেন, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ির ঘর থেকে সরকারি চাল উদ্ধার ও এ সম্পর্কিত সংবাদ প্রকাশ-প্রচার আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নিউজটিতে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে; যা জামায়াতকে হেয় এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দলের সুনাম-সুখ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশ ও প্রচার করা হয়েছে।

প্রকৃত বিষয় হলো আবদুস সামাদের ভাই আলী আজগর জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের কর্মী নন। তার কেনা চালের কারণে জামায়াতে ইসলামীর ওপর কোনো দায় বর্তায় না। আমি জানতে পেরেছি, এই চাল তার ঘর থেকে নয়, বরং তার প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। অতএব, সামাদের ঘর থেকে চাল উদ্ধার হওয়ার দাবিটি সঠিক নয় এবং সামাদ তার ভাইয়ের ব্যবসায়ের সাথে কোনোভাবেই জড়িত নন।

এর পরও আলী আজগরকে জামায়াতের জনশক্তির ট্যাগ দিয়ে ভুয়া নিউজ ও তথ্য প্রচারের জন্য একটি কুচক্রী মহল এই মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমরা জানতে পেরেছি, 'কাজের বিনিময়ে খাদ্য' (কাবিখা) কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চালগুলো কয়েকটি প্রতিষ্ঠান আলী আজগরের কাছে বিক্রি করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ প্রচারকারীদের নিকট আমাদের উদাত্ত আহ্বান, আগামীতে এই ধরনের হলুদ সাংবাদিকতা এবং মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ থেকে আপনারা বিরত থাকবেন।