ময়মনসিংহের গফরগাঁওয়ে তৃণমূল পর্যায়ে চোখের সেবা নিশ্চিতে এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আব্দুল মান্নান খান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার দিনব্যাপী বীরখারুয়া মড়ল বাড়ী ঈদগাহ মাঠে নবম বারের মতো এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের ১৮৫ জন রুগী সেবা নিতে আসেন।
এ টি এম খলিলুর রহমান খোকা, জামিল ও আকরাম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে সহযোগিতা করেন ময়মনসিংহের ডা: কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল।
দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবিরে চোখে ছানি শনাক্ত হওয়া রুগীর সংখ্যা ৫৪ জন। এছাড়া রুগীদের প্রয়োজনীয় প্রেসক্রিপশনসহ ৮০ জন রুগীকে বিনামূল্যে চশমা দেয়া হয়।
ওই চক্ষু চিকিৎসা শিবিরে আব্দুল মান্নান খান ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আব্দুল মান্নান খান ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, আমরা ডা: কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবিরে আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও আমরা এ ধরনের চক্ষু শিবিরের আয়োজন করবো।



