গাজীপুরে আসামি পক্ষের হামলায় দুই পুলিশ সদস্য আহত

আহত পুলিশ সদস্যরা হলেন কাপাসিয়া থানার এস আই মনিরুল ইসলাম (৫০) এবং বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান (৪৬)।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
দুই পুলিশ সদস্য আহত
দুই পুলিশ সদস্য আহত |নয়া দিগন্ত

গাজীপুরে মাদক মামলার আসামি পক্ষের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২১ মে) দিবাগত রাত ১টার দিকে কাপাসিয়ায় উপজেলার তরগাও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আসামি ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন কাপাসিয়া থানার এস আই মনিরুল ইসলাম (৫০) এবং বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান (৪৬)। হামলায় আহতদের উভয়ের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, তিনি ও তার দল নিয়ে বুধবার রাত ১২টার দিকে উপজেলার তরগাও ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এজাহারভুক্ত আসামি আল আমীনকে ধরতে যান। এ সময় আসামি ও তার লোকজন পুলিশ সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ এক আনসার সদস্য মাথায় আঘাতপ্রাপ্ত হন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘এ জাহারভুক্ত আসামিকে ধরতে গেলে আসামি ও তার সহযোগী লোকজনের হামলায় এক এসআই এবং একজন আনসার সদস্য আহত হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।