যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এবার নগরীর হজরত শাহ মখদুম রহ: কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ জুন) পিআইডির এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হলে হজরত শাহ মখদুম রহ: দরগাহ জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আর ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঈদুল আজহার দিন সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। ঈদের দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোটমণি নিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফহোম এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
পরিচ্ছন্নতাকর্মীরা যেন দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেন, সে জন্য যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।



