খুলনার কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের লাশ দুই দিন পর উদ্ধার হয়েছে। টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ও বিকেলে দু’জনের লাশ ভেসে ওঠে।
জানা যায়, দুপুরে আড় পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধার (৫০) লাশ নদীর তীরে ভেসে ওঠে। পরে বিকেল আনুমানিক ৫টার দিকে অপর জেলে মুকেন্দ মন্ডলের (৪২) লাশ ভেসে ওঠে।
উদ্ধার হওয়া দুই জেলের লাশের পরিচয় স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আংটিয়ারা নৌ-পুলিশের (ওসি) মো: ফারুক হোসেন বলেন, নিহত দুই জেলের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নামে দু’জন জেলে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।



