মানিকগঞ্জের হরিরামপুরে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী এবং একাধিক মামলার আসামি হিসাবে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন।
গ্রেফতাররা হলেন উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো: আলী (৩৭) ও ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো: আতাহার গাজী (৩৮)।
থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘গ্রেফতার আলী মেম্বারের নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার ভাই বাতেনসহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। গতকাল আমার থানার এক অফিসার ফোর্সসহ কালোই গ্রামে অভিযানে গেলে আলী মেম্বার তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং সরকারি কাজে বাধা দেন। পরে আলী মেম্বার ও আতাহার গাজীকে রাতে গ্রেফতার ও মামলা করা হয়।’



