দৈনিক সুপ্রভাত ফেনীর সম্পাদক ফিরোজ আলমের দাফন সম্পন্ন

ফিরোজ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফিরোজ আলম
ফিরোজ আলম |সংগৃহীত

ফেনী থেকে প্রকাশিত ‘দৈনিক সুপ্রভাত ফেনী’র প্রধান সম্পাদক, লেখক ও গবেষক ফিরোজ আলমের (৬১) জানাজা শহরের বিরিঞ্চি, কদলগাজী রোডে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা-পূর্ব বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম ও রবিউল হক রবি, অ্যাডভোকেট মাহফুজুল হক, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, সামিউল হক শাহীন, কবি ইকবাল আলম, সাবেক কাউন্সিলর আবদুল মালেক ও মরহুমের বড় ছেলে ওয়াসিম আলম প্রমুখ।

শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার উদ্দেশে যাওয়ার পথে ফিরোজ আলম ইন্তেকাল করেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

তিনি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা ছিলেন। তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য ছিলেন।

পরিবেশমন্ত্রীর শোক

ফিরোজ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম ফিরোজ আলম ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও গবেষক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।