১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বাংলাদেশ মানুষ যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তারা দিল্লির গোলামী, পিন্ডির গোলামীর বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়েছে। সবশেষে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে রক্ত ঝরিয়েছে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ মাদরাসা মাঠে ফরিদপুর–৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক আরো বলেন, ‘যদি নিরাপদ বাংলাদেশ গড়তে চান তাহলে সময় থাকতে রিকশায় উঠুন।’
তিনি আজ উপজেলা যুব মজলিসের সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, ঢাকা দক্ষিণের সভাপতি মো: সানাউল্লাহ, এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সাকিল আহমেদ, মাওলানা হাফিজুর রহমান, সভাপতি ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস সহ বিভিন্ন নেতারা।
বক্তারা আসন্ন নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।



