সাভারে পিস্তল ও গুলিসহ মোহাম্মদ টুটুল (৩৪) নামে এক যুবককে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতুর পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় টুটুলের শরীর তল্লাশি একটি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি জব্দ করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) দুপুরে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এর আগে, রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া টুটুল সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার মরহুম লিয়াকত আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো: ফয়সাল আলমের নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেকপোস্ট বসিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিপরীত দিক থেকে আসা একটি রিকশার গতিরোধ করে রিকশায় থাকা টুটুলের শরীর তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতার হওয়া টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার-কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার আরো দু’ সহযোগী সাভারের ভবানীপুর উত্তরপাড়ার মরহুম আব্দুল আলিম ওরফে ভোলা মিয়ার ছেলে আল-আমিন (৩৮) ও আমিনবাজার এলাকার মরহুম জানে আলমের ছেলে মো: জুয়েল মিয়া পলাতক রয়েছেন।
আমিনবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) ফয়সাল আলম নয়া দিগন্তকে জানান, গ্রেফতার হওয়া টুটুলের দু’ সহযোগীকে গ্রেফতারের অভিযান চলছে।



