আনোয়ারায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার সকালে বাড়ির আশপাশে খেলতে বের হয় ইশতিয়াক। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মো: ইশতিয়াক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ৫ নম্বর বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের হাসান সর্দ্দারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইশতিয়াক ওই এলাকার মো: ইদ্রিসের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির আশপাশে খেলতে বের হয় ইশতিয়াক। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বৃষ্টির পানিতে তলিয়ে থাকা একটি ডোবা সংলগ্ন জমি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মো: আনোয়ার বলেন, ভাতিজাকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পানিতে তলিয়ে থাকা একটি জমি থেকে উদ্ধার করি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: অনিন্দিতা জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।