ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ দোকানকে জরিমানা

মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার অভিযোগে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Location :

Jhalokati
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটির নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মা মেডিক্যাল হলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে বিশ্বাস মেডিক্যাল হল ও শাহ আলম স্টোরকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারিকে তিন হাজার টাকা এবং রাকিব স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, ‘নাচনমহল বাজারে কয়েকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।’