ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

সকালে বাসা থেকে বের হয়ে মালিগ্রামে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে তিন থেকে চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত এ হামলা চালান। এ সময় তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয়।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Bhanga
সংবাদ সম্মেলন ও আহত ব্যক্তি
সংবাদ সম্মেলন ও আহত ব্যক্তি |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নূর আলম মুন্সীকে (৪২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

আহত নূর আলম মুন্সী ওই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের ইলিয়াস মুন্সীর ছেলে।

আহত নূর আলম মুন্সী জানান, সকালে বাসা থেকে বের হয়ে মালিগ্রামে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে তিন থেকে চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত এ হামলা চালান। এ সময় তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে বিকেলে ভাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হওয়ায় তাদের প্রচারণা বন্ধ করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ হামলা চালান। তারা এর তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের নিকট হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফরিদ হোসেন, ভাঙ্গা উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মিঠু খন্দকার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব সোহেল শরীফ, অ্যাডভোকেট ইকরাম আলী, রিপন সিকদার প্রমুখ।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।