সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে নয়াবস্তিসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম পাবেল মিয়া (২২)। তিনি গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের করম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে নয়াবস্তি গ্রামের আতাই মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে পিয়াইন নদীর মধ্যখানে পাবেল মিয়া হঠাৎ নৌকা থেকে পড়ে গিয়ে নদীর পানিতে তলিয়ে যান। নৌকায় থাকা লোকজন তাকে উদ্ধার করতে পারেননি। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ পাবেলকে উদ্ধারে অভিযান শুরু করেন।
বিট অফিসার এসআই ওবায়দুল্লাহ জানান, নিখোঁজ পাবেল মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কিছুদিন পরপর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে।



