সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোরে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া, পাথরকোয়ারি, শ্রীপুর ও বাংলাবাজার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জওয়ানরা। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙ্গুর, পেঁয়াজ, অলিভ অয়েল ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত টাটা ট্রাক জব্দ করে। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য এক কোটি ১৭ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক নয়া দিগন্তকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়।



